তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে দিনের কর্মসূচির শুরুতে তিনি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুই হাত না থাকলেও নিজেদের প্রচেষ্টায় তারা পা দিয়ে লিখে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের সময় তিনি মুখ দিয়ে সেটি গ্রহণ করেন।
এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং আত্মনির্ভরশীল করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।
এদিকে, তিন প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরির সুযোগ দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। তিনি এ উদ্যোগকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।



