বাংলাদেশঅপরাধআইন-বিচার

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণের সুযোগ পেতে পারেন। তবে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, কোনো ব্যক্তি বাংলাদেশের আইনগত আওতায় প্রবেশ করলে তার ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাবনার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে কোনো ব্যক্তি কীভাবে দেশে ফিরবেন, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। দেশে প্রবেশের পর বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সরকারের এখতিয়ারের মধ্যে কোনো ব্যক্তি এলে প্রচলিত আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

তিনি আরও জানান, সংসদের পরবর্তী অধিবেশনও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। তাই রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আপাতত বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন দেখছে না সরকার। তবে প্রয়োজন হলে বিশেষ অধিবেশন ডাকার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button