চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন

বাংলা টিভি ডেস্ক: ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীদের সুবিধা বাড়াতে চলতি আগস্ট মাসেই আরও এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে কক্সবাজারের আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালু করতে এর ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে দিন দিন যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। এ চাহিদার কথা বিবেচনায় নিয়ে সরকার রেল যোগাযোগ আরও সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান উন্নত করার উদ্যোগ নিয়েছে।
রেলপথ প্রতিমন্ত্রী জানান, নতুন ট্রেন চালু হলে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীদের ভোগান্তি কমবে। পাশাপাশি টিকিটের চাপও কিছুটা কমবে এবং এ রুটে যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও আধুনিক হবে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশন প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি রেলস্টেশন নয়, বরং আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্টেশনটির কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। পাশাপাশি দ্রুত স্টেশনটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



