
বাংলা টিভি ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান বিএনপি সরকার ব্যর্থ হলে দেশের জন্য বড় ধরনের সংকট তৈরি হবে। তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী আর আসেননি।
শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তা না হলে শুধু সরকার নয়, সংশ্লিষ্টদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, সবাই একে অপরের কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকায় দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।
তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাস্থ্যখাতকে ক্ষতিগ্রস্ত না করে জনগণের জন্য কার্যকর ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। দেশকে এগিয়ে নিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে তাদের পাঠানো রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, লাখো প্রবাসী নিয়মিত অর্থ পাঠানোর কারণেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী থাকে এবং অর্থনীতির চাকা সচল থাকে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সুস্থ, দক্ষ ও যোগ্য তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে, যাতে বাংলাদেশিরা বিশ্বব্যাপী আরও সাফল্যের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন।



