বাংলাদেশ

অনলাইনে জুয়া আর ঘরে বসে পর্ন দেখে, ছেলের বিরুদ্ধে আদালতে গেলেন বাবা

বাংলা টিভি ডেস্ক: অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যশোরে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এক বৃদ্ধ বাবা। জুয়ার টাকা না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর, মাকে মারধর এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছেলে আজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন দিনমজুর তরিকুল ইসলাম।

রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। ঘটনাটি যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিচারক সঞ্জয় পাল মামলাটি আমলে নেন এবং অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে তাৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলায় তরিকুল ইসলাম উল্লেখ করেন, তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার ছেলে আজিম কোনো পেশায় জড়িত নয়। কিছুদিন ধরে আজিম সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোন ব্যবহার করত। পরে তিনি ও তার স্ত্রী জানতে পারেন, ছেলে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে।

অভিযোগে আরও বলা হয়, জুয়া খেলার জন্য আজিম প্রতিদিন বাবা-মায়ের কাছে এক হাজার টাকা দাবি করত। অভাবের সংসারে সেই টাকা দিতে না পারলে সে প্রায়ই ভাঙচুর চালাত এবং পরিবারের সদস্যদের হুমকি দিত।

সর্বশেষ গত ১৫ জুলাই বিকেলে টাকা না পেয়ে আজিম ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে তার মা বিউটি বেগমকে গালিগালাজ ও মারধর করা হয়। পরে ঘরে রাখা পাঁচ হাজার টাকা জোরপূর্বক নিয়ে চলে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পেয়ে এবং নির্যাতন বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নেন বৃদ্ধ বাবা তরিকুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button