বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ফারাক্কা পানিবণ্টন চুক্তি আর নবায়ন না করার আহ্বান জানিয়েছেন ভারতের রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বিহারের পানির নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি এ দাবি জানান।
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে এক আলোচনায় সঞ্জয় কুমার ঝা দাবি করেন, দীর্ঘদিনের এই চুক্তির কারণে বিহারের কৃষি, সেচ ব্যবস্থা ও পানির সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বাংলাদেশে প্রবাহিত হওয়ায় বিহারের নিজস্ব পানির সংকট আরও বাড়ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার উদ্দেশ্যে ফারাক্কা ব্যারাজ নির্মাণ করা হলেও এর প্রভাব বিহারের ভূগর্ভস্থ পানির স্তরের ওপর পড়েছে। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে এটি কার্যকর না করার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
বিহার সরকারের পূর্বাভাস উল্লেখ করে তিনি বলেন, ২০৫০ সাল নাগাদ রাজ্যটির জন্য অতিরিক্ত প্রায় ২ হাজার কিউসেক পানির প্রয়োজন হতে পারে। তাই বিহারের দীর্ঘমেয়াদি পানির নিরাপত্তা ও মানুষের জীবিকা নিশ্চিত না করে চুক্তি নবায়ন করা হলে তা ক্ষতির কারণ হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বর মাসে।



