হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না: ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের আপত্তির মধ্যে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রেস ব্রিফিংয়ে তাকে বক্তব্য দেওয়ার ঘটনায় ভারতের কোনো সরকারি সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ওই অনুষ্ঠানে বাংলাদেশের সরকার সম্পর্কে করা মন্তব্যকেও ভারত সমর্থন করে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (৮ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংটি একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।
তিনি বলেন, “ওই প্রেস ব্রিফিংয়ের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা বা অবদান নেই।”
রণধীর জয়সওয়াল আরও বলেন, অনুষ্ঠানে শেখ হাসিনা বা অন্য কোনো বক্তা বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে যে মন্তব্য করেছেন, সেগুলোর কোনোটি ভারত সরকার সমর্থন করে না।
ব্রিফিংয়ে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর বলেন, ভারত তার প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি, বিশেষ করে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
তিনি বলেন, “আমরা আমাদের নিকটতম প্রতিবেশীর পরিস্থিতির ওপর গভীর নজর রাখি। জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার অংশগ্রহণে অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিংকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানো হয়েছিল।



