আন্তর্জাতিকইন্ডিয়া

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক নারীর ‘হানিট্র্যাপে’ জড়িয়ে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, ওই নারী পাকিস্তানের একটি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩০ মে ওই বিমানবাহিনী কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দিল্লির আদালতে হাজির করা হলে আদালত তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারের পর ওই কর্মকর্তা জামিনের আবেদন করেননি।

বিমানবাহিনী সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, পাকিস্তানি এক নারী গোয়েন্দার সঙ্গে ওই কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি বিমানবাহিনীর নজরে আসে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, পাকিস্তানের একটি সংগঠিত গোয়েন্দা নেটওয়ার্কের ফাঁদে পড়েছিলেন ওই পাইলট। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। সে সময় ব্যক্তিগত জীবনে তিনি কিছুটা মানসিক চাপ বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পরিচয়ের পর ওই নারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু হয়। তাদের মধ্যে মেসেজ আদান-প্রদানের পাশাপাশি ভিডিও কলও হতো। একপর্যায়ে বিমানবাহিনী ও সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওই নারীর কাছে পাঠানোর অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

তবে ঠিক কী ধরনের তথ্য তার মাধ্যমে বাইরে গেছে, সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। তদন্তকারীরা বলছেন, ফাঁস হওয়া তথ্যের কিছু অংশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

এ ঘটনায় ওই কর্মকর্তার ব্যবহৃত একটি মোবাইল অ্যাপ নিয়েও তদন্ত চলছে। জানা গেছে, তিনি এক সহকর্মীকে তার মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করে দিতে বলেছিলেন। তদন্তকারীদের সন্দেহ, ওই অ্যাপের মাধ্যমে তার ফোনে প্রবেশ করে তথ্য সংগ্রহ বা ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে।

বর্তমানে ওই অ্যাপ, মোবাইল ফোন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কর্মকর্তার যোগাযোগের বিভিন্ন তথ্য পরীক্ষা করছেন তদন্তকারীরা। কীভাবে তথ্য আদান-প্রদান হয়েছে, এর পেছনে আরও কেউ জড়িত ছিল কি না এবং পুরো ঘটনাটি কীভাবে পরিচালিত হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সংশ্লিষ্ট খবর

Back to top button