আন্তর্জাতিকইন্ডিয়া

কারাগারে প্রেমিকের সঙ্গে দেখা করতে ১০টি তাজা গুলি নিয়ে হাজির স্কুলছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গোন্ডায় কারাগারে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে পড়েছে এক স্কুলছাত্রী। জেলগেটে তল্লাশির সময় তার কাছ থেকে ১০টি তাজা গুলি, একটি জাল আধার কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) গোন্ডা ডিভিশনাল জেলে এ ঘটনা ঘটে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের প্রধান ফটকে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ওই কিশোরীর পরিচয় নিয়ে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দেখা যায়, সে যে নাম পরিচয় হিসেবে ব্যবহার করছে, তা তার আধার কার্ডে থাকা নামের সঙ্গে মিলছে না।

সন্দেহ আরও ঘনীভূত হলে তার শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় পকেট থেকে ১০টি তাজা গুলি উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। পরে তার কাছ থেকে একটি জাল আধার কার্ড ও নগদ অর্থও পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে কারাগারের আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়। পরে উদ্ধার হওয়া সামগ্রীসহ ওই কিশোরী এবং তার সঙ্গে থাকা ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করে কিশোরীটি। পুলিশের কাছে সে দাবি করেছে, উদ্ধার হওয়া গুলিগুলো তার বাবার বৈধ লাইসেন্স করা পিস্তলের।

তার ভাষ্য, বাবা অত্যন্ত রাগী স্বভাবের। মেয়ের জেলে থাকা প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়টি জানতে পারলে তিনি কঠোর কোনো পদক্ষেপ নিতে পারেন—এমন আশঙ্কা থেকেই বাবার পিস্তলের গুলি সরিয়ে নিজের কাছে রেখেছিল সে।

তবে ওই গুলি কীভাবে তার কাছে এল এবং কেন সে জাল আধার কার্ড ব্যবহার করেছিল—এসব বিষয় এখনো পরিষ্কার নয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলির উৎস, জাল পরিচয়পত্র ব্যবহারের কারণ এবং পুরো ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় নিয়ে তদন্ত চলছে।

এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কিশোরী একা জেলে যায়নি। আরও একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে বন্দি হর্ষু কাশ্যপের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিল সে।

সংশ্লিষ্ট খবর

Back to top button