বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাহারছড়ায় জনসমুদ্রে উচ্ছ্বাস

বাংলা টিভি ডেস্ক: মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের মহেশখালী থেকে হেলিকপ্টারে করে বাঁশখালীতে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাকে স্বাগত জানাতে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সমুদ্রপাড়ে মানুষের ঢল নামে।
বাঁশখালী সফরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যায় ঘরবাড়ি হারানো ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
বাঁশখালীর কর্মসূচি শেষে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় ৫০ জন নেতার সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন তিনি। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।
পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণে সহায়তা হিসেবে এক লাখ টাকা করে দেওয়ার কর্মসূচি রয়েছে। একই অনুষ্ঠানে ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম সফরের শেষ কর্মসূচি হিসেবে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্র জানিয়েছে, সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৫৫০ থেকে ৬০০ নেতা অংশ নিতে পারেন।
সাংগঠনিক সভায় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়েও নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে।
সফরের সব কর্মসূচি শেষে রোববার রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



