আন্তর্জাতিকইন্ডিয়া

ভারতের ঐতিহাসিক দেওবন্দ মাদরাসার নিচে শিবলিঙ্গ থাকার দাবি

বাংলা টিভি ডেস্ক: ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদরাসার নিচে শিবলিঙ্গ রয়েছে—এমন দাবি করেছে দেশটির একটি হিন্দুত্ববাদী সংগঠন। শুধু দাবি করেই থেমে থাকেনি তারা; মাদরাসা প্রাঙ্গণে গঙ্গার পানি ছিটানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু রক্ষা দল আগামী মঙ্গলবার দেওবন্দে গঙ্গার পানি নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনটির দাবি, মাদরাসাটি যে স্থানে অবস্থিত, সেখানে একটি শিবমন্দিরের অস্তিত্ব রয়েছে।

শনিবার এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্যের সভাপতি ললিত শর্মা জানান, সংগঠনটির জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীসহ অন্য সদস্যরা হরিদ্বার থেকে গঙ্গার পানি সংগ্রহ করে দেওবন্দে নিয়ে যাবেন।

ভিডিও বার্তায় ললিত শর্মা দাবি করেন, দেওবন্দের স্থাপনাটি নিয়ে তদন্ত ও পরীক্ষা চালানোর অনুমতি চেয়ে তারা আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে তাদের সেই আবেদনে প্রশাসন কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এরপর নিজেরাই দেওবন্দ মাদরাসা প্রাঙ্গণে গিয়ে গঙ্গার পানি ছিটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হিন্দু রক্ষা দলের এই নেতা।

তবে এ ধরনের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া বক্তব্যে পুলিশের এক কর্মকর্তা বলেন, দেওবন্দে এসে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেওবন্দের সার্কেল অফিসার অমিত কুমার সিং বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনকে পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে দেওয়া হবে না। কেউ এমন চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট খবর

Back to top button