ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারে ২০ রুপি দেওয়ার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের জন্য পরীক্ষামূলকভাবে একটি নতুন প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। বুলন্দশহরের ১৫টি গ্রামে শুরু হওয়া এই প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।
প্রকল্পের আওতায় ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার ২০ রুপি দরে গোমূত্র কেনার পরিকল্পনা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার বিশেষ ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করাই প্রকল্পটির মূল লক্ষ্য।
এ উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৩০০ নারী যুক্ত হয়েছেন। তাদের ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীরা প্রতি লিটারে দুই রুপি করে কমিশন পাচ্ছেন।
সংগৃহীত গোমূত্র কৃষিকাজে ব্যবহার করে রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণের বিকল্প তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের। পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে উত্তর প্রদেশের অন্যান্য এলাকাতেও এটি সম্প্রসারণের জন্য আলাদা নীতি প্রণয়ন করা হতে পারে।
তবে প্রকল্পটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিরোধী সমাজবাদী পার্টি (এসপি) উদ্যোগটিকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই সরকার এটি চালু করেছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, উন্নয়নমূলক যেকোনো সরকারি উদ্যোগেরই বিরোধিতা করে থাকে এসপি।
সূত্র: এনডিটিভি



