বিদেশে বসে ৫০ হাজার টাকার চুক্তিতে বাবাকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

বাংলা টিভি ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে একই দিন তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর নাতনি মোছা. আছমা বেগম দোয়ারাবাজার থানায় মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, জমির মালিকানা পুত্রবধূ হোসনা বেগম ও সৌদি প্রবাসী ছেলে ইসমাইল মিয়ার নামে লিখে না দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধের সঙ্গে পরিবারের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ইসমাইল মিয়ার প্ররোচনায় তাঁর স্ত্রী হোসনা বেগম ৫০ হাজার টাকার বিনিময়ে রুহুল আমিনকে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে হোসনা বেগম বাড়ির পেছনের দরজা খুলে দিলে রুহুল আমিন, নজরুল ইসলাম ও জিয়াউর রহমান ঘরে প্রবেশ করেন। পরে ঘুমন্ত মোহাম্মদ আলীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরদিন ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে বৃদ্ধের মুখে রক্ত এবং গলায় কালো দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরে দোয়ারাবাজার থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে হোসনা বেগম (৩৮), রুহুল আমিন (২২) ও নজরুল ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হোসনা বেগম নিহতের ছেলে ইসমাইল মিয়ার স্ত্রী। অন্য দুই আসামির বিরুদ্ধে টাকার বিনিময়ে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



