আন্তর্জাতিকইন্ডিয়া

‘ইসলামকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারাই একসময় ধ্বংস হয়ে গেছে’

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী। তিনি বলেন, যারা মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে, তাদের মধ্যেই সাম্প্রদায়িকতার মানসিকতা রয়েছে।

১৫ আগস্ট দেওবন্দের কাসেমি ময়দান চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মাওলানা আরশাদ মাদানী বলেন, অতীতে বিভিন্নভাবে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হলেও বর্তমানে ইসলাম ধর্মকেও সরাসরি আক্রমণের লক্ষ্য বানানো হচ্ছে। যারা ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত নিজেরাই বিলীন হয়ে গেছে। ইসলাম অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের স্বাধীনতা ও গণতন্ত্রকে গুরুত্বপূর্ণ নিয়ামত উল্লেখ করে তিনি দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তার দাবি, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দারুল উলুম দেওবন্দ, আলেম সমাজ, মাদ্রাসা ও মুসলমানদের অবদান অস্বীকার করার সুযোগ নেই।

তিনি বলেন, ১৮৫৭ সালের বিদ্রোহ ও ব্যাপক হত্যাযজ্ঞের পর ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বর্তমানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করার পাশাপাশি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মাওলানা মাদানী। তার ভাষ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনে মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যারা মাদ্রাসার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন, তাদের নিজেদের অতীত ইতিহাসও পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

স্বাধীনতা আন্দোলনে আলেমদের অবদানের প্রসঙ্গে তিনি রেশমি রুমাল আন্দোলন এবং মাল্টায় আলেমদের বন্দিত্বের ইতিহাস তুলে ধরেন। শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী, শায়খুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানীসহ অনেক আলেম ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে কারাবরণ করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

মাওলানা আরশাদ মাদানী আরও বলেন, ভারতের স্বাধীনতার ইতিহাসে আলেম সমাজ ও মুসলমানদের আত্মত্যাগের অধ্যায় কোনো সাম্প্রদায়িক শক্তির পক্ষেই মুছে ফেলা সম্ভব নয়। মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে তিনি বলেন, ইসলাম ও মুসলমান অতীত, বর্তমান ও ভবিষ্যতে নিজেদের অস্তিত্ব ধরে রাখবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button