আন্তর্জাতিকইন্ডিয়া

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যটির তামেংলং জেলায় সন্দেহভাজন নাগা বিদ্রোহীদের গুলিতে দুই নারী নিহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই দিনে তামেংলং ও নোনি জেলায় সংঘর্ষ ও হামলার ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন। সর্বশেষ তামেংলংয়ের ঘটনায় ৬০ বছর বয়সী চঙ্গা সিথলো এবং ৩০ বছর বয়সী কিমবোই সিংন নিহত হন। পরে একটি খেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর তামেংলংয়ের টোলেন কুকি গ্রামে হামলার ঘটনায় এক দম্পতি নিহত হন। ওই ঘটনায় তাদের শিশুসন্তানও আহত হয়। একই দিনে নোনি জেলার লংপি গ্রামে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে এক নারী ও এক পুরুষ নিহত হন।

এদিকে, চুড়াচাঁদপুরভিত্তিক কুকি সংগঠন ‘কুকি ইনপি মণিপুর’ নিহত দুই নারীর মরদেহ গ্রহণ না করার ঘোষণা দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মরদেহ গ্রহণ করবে না।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, স্বজনদের জন্য সিদ্ধান্তটি অত্যন্ত কষ্টকর হলেও সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মরদেহ গ্রহণ করা হবে না। নিরপরাধ কুকি-জো বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।

তাদের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে মণিপুরের উপত্যকার মেইতেই ও পাহাড়ি কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরু হয়। এরপর থেকে চলমান সহিংসতায় অন্তত ৩০৬ জন নিহত, ৪৯ জন নিখোঁজ এবং বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস নাউ

সংশ্লিষ্ট খবর

Back to top button