
বাংলা টিভি ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আশুগঞ্জ আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাজনীতিতে ভিন্নমত প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে, এটা রাজনীতি নয়। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি। তো এগুলো সবই স্বাভাবিক।’
সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।



