বিনোদন

‘আমি সত্যিই ভাগ্যবতী, সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর জীবন দিয়েছেন’

বিনোদন ডেস্ক:  একটি নামেই যার পরিচয়, একটি কণ্ঠেই যিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়—তিনি রুনা লায়লা। বাংলা গানের পাশাপাশি উপমহাদেশের সংগীতাঙ্গনে নিজের অসামান্য প্রতিভা ও সুরের জাদুতে অনন্য উচ্চতায় পৌঁছেছেন এই কিংবদন্তি শিল্পী। আজ ১৭ নভেম্বর তাঁর জন্মদিন। জীবনের ৭৪তম বছরে পদার্পণ করলেন তিনি।

বিশেষ এই দিনে ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন রুনা লায়লা। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ভক্ত-অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও পরিবারের সদস্যদের ভালোবাসা এবং সমর্থনই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সৃষ্টিকর্তার দেওয়া গানের প্রতিভা সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত ও পরিতৃপ্ত। আগামী দিনগুলোতেও যেন দীর্ঘ সময় গান গেয়ে যেতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।

ভক্তদের উদ্দেশে ভালোবাসার বার্তা দিয়ে এই শিল্পী বলেন, নিজেকে ভালোবাসতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে হবে। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জন্মদিনের বার্তা শেষ করেন তিনি।

ভিডিওর পাশাপাশি নিজের অনুভূতি জানিয়ে একটি লিখিত বার্তাও প্রকাশ করেছেন রুনা লায়লা। সেখানে তিনি লিখেছেন, প্রতি বছর জন্মদিনের রাত বারোটায় নতুন একটি বছরে পা রাখার অনুভূতি তাঁকে নাড়া দেয়। বয়স বাড়ার সঙ্গে কতটা জ্ঞান বেড়েছে, তা নিয়ে মজার ছলে প্রশ্ন তুললেও ভক্তদের অকৃত্রিম ভালোবাসা নিয়ে তাঁর মনে কোনো সংশয় নেই।

অসংখ্য ফোনকল, বার্তা, দোয়া ও শুভকামনায় আপ্লুত এই শিল্পী নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন। সৃষ্টিকর্তার দেওয়া সুন্দর জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও অনেক জন্মদিন প্রিয় মানুষদের সঙ্গে কাটানোর প্রত্যাশা জানিয়েছেন।

গানের জগতে পথচলার শুরু

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তাঁর পৈতৃক বাড়ি রাজশাহীতে। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সংগীতশিল্পী। পরিবারের সাংস্কৃতিক পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। মামা সুবীর সেনও ছিলেন উপমহাদেশের পরিচিত সংগীতশিল্পী।

বাবার চাকরির সুবাদে মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান তিনি। সেখানেই সংগীতচর্চার সূচনা। যদিও ছোটবেলায় গানের চেয়ে নাচের প্রতিই তাঁর আগ্রহ ছিল বেশি। পরবর্তী সময়ে সংগীতই হয়ে ওঠে তাঁর জীবনের প্রধান পরিচয়।

১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘জুগনু’-এর ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গান দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন রুনা লায়লা। একই সময়ে পাকিস্তান টেলিভিশনেও গান গাওয়া শুরু করেন। ষাটের দশকে উর্দু চলচ্চিত্র ও টেলিভিশনে নিয়মিত গান গেয়ে পাকিস্তানের সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

বাংলা ও হিন্দি গানে সাফল্য

সত্তরের দশকের শুরুতে বাংলা ও হিন্দি গানে যাত্রা শুরু হয় রুনা লায়লার। বলিউডেও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তাঁর কণ্ঠে ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ এবং ‘দমা দম মাস্ত কালান্দার’-এর মতো গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

বাংলা চলচ্চিত্রে কাজের শুরুতে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও নিজের প্রতিভা ও অসাধারণ কণ্ঠের জোরেই সব বাধা অতিক্রম করেন তিনি। ধীরে ধীরে বাংলা গানের জগতেও হয়ে ওঠেন অপরিহার্য এক নাম।

বাংলা, হিন্দি ও উর্দুর পাশাপাশি পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, ফারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ মোট ১৭টি ভাষায় গান গেয়েছেন রুনা লায়লা। তাঁর গাওয়া গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি বলে জানা যায়।

গিনেস রেকর্ড থেকে জাতীয় সম্মাননা

গান রেকর্ডিংয়ের ক্ষেত্রেও রয়েছে রুনা লায়লার অনন্য কীর্তি। সুরকার নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করেন তিনি। প্রতিদিন ১০টি করে গান রেকর্ডের এই অসাধারণ কৃতিত্ব স্থান পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

সংগীতজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাতবার শ্রেষ্ঠ গায়িকা এবং একবার শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। এ ছাড়া ভারত ও পাকিস্তান থেকেও পেয়েছেন বিভিন্ন সম্মাননা ও স্বীকৃতি।

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে রুনা লায়লা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে। বয়স বাড়লেও তাঁর কণ্ঠের আবেদন ও সংগীতের প্রতি ভালোবাসা এখনো অটুট। জন্মদিনে ভক্তদের প্রত্যাশা, আরও বহু বছর তাঁর সুরে মুগ্ধ হওয়ার সুযোগ পাবেন সংগীতপ্রেমীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button