বাংলাদেশ

শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর লাশ চুরি

বাংলা টিভি ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কবর খুঁড়ে এক বছর বয়সী এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর এলাকার একটি পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয় বাসিন্দারা কবরস্থানে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছুরিরচর কবরস্থানে বেশ কয়েকটি কবর রয়েছে। এর মধ্যে গোলাম হোসেন খালাসীর এক বছর বয়সী মেয়ে ফাহিমার কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে মারা যাওয়ার পর পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছিল।

এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও ওই কবরস্থান থেকে দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনা ঘটায় কবরস্থানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শিশুটির মা শাহানাজ বেগম বলেন, দুই মাস আগে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মেয়ের মৃত্যু হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার সন্ধ্যাতেও একজন হুজুরকে দিয়ে মেয়ের কবরের পাশে দোয়া করিয়েছেন তিনি। মাঝেমধ্যেই মেয়ের কবর জিয়ারত করতে সেখানে যান।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মেয়েকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। এর মধ্যে কবর থেকে মরদেহ চুরি হয়ে যাওয়ায় তাদের কষ্ট আরও বেড়েছে। তারা সন্তানের মরদেহ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, দাফনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই শিশুটির মরদেহ কবর থেকে উধাও হয়েছে। তার ধারণা, কোনো কবিরাজের উদ্দেশ্যে মরদেহটি চুরি করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, কবর থেকে মরদেহ চুরির বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, ঘটনাটি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button