বাংলাদেশ

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় ছয় বছর বয়সী মেয়েকে জিম্মি করে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করেন তিনি। এ সময় শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসা প্রতিবেশীদের ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন ওই ব্যক্তি। একপর্যায়ে মেয়ের গলায় ছুরি ধরে সবাইকে দূরে সরে যেতে বলেন তিনি।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরের টিনের বেড়া কেটে বাবা-মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ উদ্ধার অভিযান সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। অন্যদিকে শিশুটির মা একটি পোশাক কারখানায় কাজ করেন। দুজনের কর্মস্থলের সুবিধার জন্য তারা আনোয়ারা উপজেলার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

প্রতিবেশীদের বরাতে জানা যায়, সোমবার সকালে শিশুটির মা কর্মস্থলে চলে যাওয়ার পর বাবা মেয়েকে নিয়ে ঘরের ভেতরে অবস্থান করেন। কিছুক্ষণ পর তিনি দরজায় সিটকিনি লাগিয়ে দেন। দীর্ঘ সময় ঘরের বাইরে যেতে না পেরে দুপুরের দিকে শিশুটি কান্নাকাটি শুরু করে।

এ সময় শিশুটির কান্না শুনে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু শিশুটির বাবা হাতে ছুরি নিয়ে তাদের বাধা দেন এবং ভয় দেখাতে থাকেন। একপর্যায়ে মেয়ের গলায় ছুরি ধরে কাউকে কাছে না আসার হুমকি দেন তিনি।

বিকেলে শিশুটির মা বাসায় ফিরে পরিস্থিতি জানতে পারেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরিস্থিতি বিবেচনায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরের এক পাশের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন। পরে বাবা ও শিশুকন্যাকে নিরাপদে উদ্ধার করা হয়। এ সময় তাদের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে শিশুটির বাবা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। সম্প্রতি চিকিৎসকের দেওয়া ওষুধ সেবন বন্ধ করে দেওয়ার পর গত চার মাস ধরে তার আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে বলে দাবি পরিবারের।

আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবদুল্লাহ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বসতঘরের পাশের টিনের বেড়া কেটে বাবা ও মেয়েকে উদ্ধার করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button