জামায়াতঅন্যান্যরাজনীতি

বিএনপির ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে: অলি আহমদ

বাংলা টিভি ডেস্ক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১-দলীয় ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপির ঘরে, বিএনপির প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে। ক্ষমতা হারালে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে-এমন আশঙ্কা থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের আহ্বানে লংমার্চ কর্মসূচির প্রাক্কালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লংমার্চ-পূর্ব উদ্বোধনী সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, মাস্তানি বন্ধ হয়ে যাবে। তারেকের যে সরকার এটা বিএনপির সরকার না, এটা হলো হাসিনার সরকার। তারেককেও সাবধান হতে হবে। দেশবাসীকেও সাবধান হতে হবে।

ক্ষমতা হারানোর আশঙ্কা বোঝাতে বক্তব্যে একটি উদাহরণ দিয়ে এলডিপি সভাপতি বলেন, ক্ষমতা চলে গেলে বড় বাড়ি, গাড়ি ও ভালো খাবারের সুযোগ থাকবে না-এমন আশঙ্কা থেকেই একজন ক্ষমতাবান ব্যক্তির পরিবারের কান্নার উদাহরণ দেওয়া যায়।

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে থাকেন। বিপথগামী হবেন না। শুধু দেশকে সঠিক পথে আনার জন্য আমরা এই লংমার্চ করছি। কোনো ক্ষমতার লোভে বা ব্যক্তিগত কোনো লোভে নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, ফেসবুকে কে কী লিখলো, কোনো মুনাফেক কোনো বেঈমান কিংবা ভারতের দালালরা কী লিখলো সেদিকে কান দেবেন না।

অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় কাজ ‘ঈমানি শক্তিতে’ করার আহ্বান জানিয়ে লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button