আন্তর্জাতিকইন্ডিয়া

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ২৬০ টাকার লটারির টিকিট কিনে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের টয়োটা ফরচুনার গাড়ি জিতেছে ভারতের মধ্যপ্রদেশের ছয় বছর বয়সি শিশু মেদাংশ রাইকওয়ার। নাতির নামে তার দাদির কেনা একটি লটারির টিকিটই পরিবারের জন্য এনে দিয়েছে এই অভাবনীয় চমক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত খবরে এ জয়ের বিষয়টি জানানো হয়। মধ্যপ্রদেশের বুরহানপুরের শীলামপুরা এলাকার বাসিন্দা মেদাংশ আভাপুরির শ্রী সরকার ধামে আয়োজিত লটারিতে প্রথম পুরস্কার হিসেবে গাড়িটি পেয়েছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে সেখানে আয়োজিত একটি গারবা অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন মেদাংশের দাদি কিরণ রাইকওয়ার। ওই অনুষ্ঠানে তিনি ২৬০ টাকার একটি লটারির টিকিট কেনেন। টিকিটে নিজের নামের পরিবর্তে নাতি মেদাংশের নাম লিখেছিলেন তিনি।

তখন সামান্য দামের ওই টিকিট থেকে এত বড় পুরস্কার পাওয়ার কথা ভাবেননি পরিবারের কেউ। তবে ২০২৬ সালে লটারির ফল ঘোষণা করা হলে প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে মেদাংশের নাম উঠে আসে। এতে আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

শিশুটির গাড়ি জেতার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। ঢাকঢোল বাজিয়ে তাকে স্বাগত জানান এলাকার বাসিন্দারা। পরিবারের পক্ষ থেকেও আনন্দ উদ্‌যাপন করা হয় এবং গাড়িটি পাওয়ার পর পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়।

পরিবারের জন্য এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। নিজেদের একটি গাড়ি কেনার স্বপ্ন দেখলেও এত অল্প টাকার লটারির টিকিট থেকে প্রায় ৬৫ লাখ টাকার গাড়ি পাওয়া তাদের কাছে ছিল কল্পনাতীত।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। মাত্র ২৬০ টাকার একটি টিকিটে এত দামি গাড়ি জেতার খবর শুনে বিস্ময় প্রকাশ করছেন অনেকে। পাশাপাশি ছোট্ট মেদাংশকে অভিনন্দন জানিয়েছেন বহু মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button