বাংলাদেশ

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

বাংলা টিভি ডেস্ক: মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে চাঁদপুরের ক্ষুদে শিক্ষার্থী মো. আশ্রাফ আহমেদ নবীন। এক বছর নয় মাস ১০ দিনের নিরলস সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছে।

আশ্রাফ আহমেদ নবীন চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। সে চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের গোড়ার পশ্চিম পাশে অবস্থিত উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদ্রাসার হিফজ বিভাগ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ জানুয়ারি পবিত্র কুরআন হিফজের যাত্রা শুরু করে আশ্রাফ। নিয়মিত অধ্যয়ন, অনুশীলন ও শিক্ষকদের তত্ত্বাবধানে অবশেষে ২০২৬ সালের ২৮ অক্টোবর সে ৩০ পারা হিফজ সম্পন্ন করে। তার এই পুরো শিক্ষাকার্যক্রম পরিচালিত হয় মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহর তত্ত্বাবধানে।

আশ্রাফের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষকরা। হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, মাত্র ১০ বছর বয়সে আল্লাহর অশেষ রহমতে আশ্রাফের পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করা তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

তিনি জানান, এই অর্জনের পেছনে আশ্রাফের একাগ্রতা ও নিয়মিত পরিশ্রমের পাশাপাশি তার মা-বাবার আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শিক্ষক মাছুম বিল্লাহ আরও বলেন, মহান আল্লাহ যেন আশ্রাফকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দেন এবং ভবিষ্যতে দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করার সুযোগ করে দেন—এটাই তাদের প্রত্যাশা।

এদিকে, মাদ্রাসার পরিচালকদের পক্ষ থেকেও আশ্রাফ আহমেদ নবীনকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তার এই সাফল্যকে তারা আনন্দের উপলক্ষ হিসেবে উল্লেখ করেন এবং মহান আল্লাহর কাছে তার হিফজ কবুল হওয়ার জন্য দোয়া করেন।

পাশাপাশি আশ্রাফের মা-বাবার শ্রম ও ত্যাগের উত্তম প্রতিদান এবং তার শিক্ষকদের প্রচেষ্টা কবুল করার জন্য প্রার্থনা করা হয়। ভবিষ্যতে সে যেন পবিত্র কুরআনের আদর্শ ধারণ করে একজন যোগ্য হাফেজ হিসেবে গড়ে ওঠে এবং দ্বীনের প্রচার ও মানবকল্যাণে ভূমিকা রাখতে পারে, সেই কামনাও জানান মাদ্রাসার পরিচালকেরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button