‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা সেই নারীর জামিন

বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলে ক্ষোভ প্রকাশের ঘটনায় গ্রেপ্তার নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।
ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত দুপুর সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ। শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। একই দিন দুপুরে আদালতের হাজতখানা থেকে তাঁকে মুক্তি দেওয়ার কথা ছিল।
সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় আমজাদ আলীর মেয়ে।
ঘটনার সূত্রপাত গত রোববার (২৫ অক্টোবর)। ওই দিন বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রচার করেন তিনি। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী।
একপর্যায়ে লাইভে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
পরে ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়। পরদিন সোমবার ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারের দুই দিন পর বুধবার শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।



