Uncategorized

সংবাদ প্রকাশ করায় দিপু সিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ

বাংলা টিভি ডেস্ক: অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করতে গিয়ে হুমকি ও ভয়ভীতির শিকার হওয়ার অভিযোগ করেছেন আলাপ নিউজের বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য দিপু সিকদার। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের সংগঠন ক্র্যাব।

দিপু সিকদারের অভিযোগ, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পর সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য নিতে গেলে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় তিনি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন জানিয়েছেন। এ ঘটনার সঙ্গে কোনো সিন্ডিকেট জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তাঁরা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা জনস্বার্থ রক্ষা, অনিয়ম-দুর্নীতি উন্মোচন এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হুমকি, ভয়ভীতি বা হয়রানির মুখে পড়লে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।

ক্র্যাব নেতারা আরও বলেন, দিপু সিকদারের করা অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। পাশাপাশি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ক্র্যাবের নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button