বাংলাদেশ

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

বাংলা টিভি ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল প্রত্যাহার করে নিয়েছে দুদক। ফলে দীর্ঘ সাড়ে চার বছরেরও বেশি সময় পর তাঁর চাকরিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

দুদকের আবেদন গ্রহণ করে আপিল বিভাগের চেম্বার আদালত প্রত্যাহারের অনুমতি দেওয়ায় হাইকোর্টের আগের রায় বহাল রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। তখন তিনি পটুয়াখালী কার্যালয়ে কর্মরত ছিলেন।

এর আগে চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করতে গিয়ে আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করায় বিভিন্ন মহল থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও ওঠে।

তাঁর আকস্মিক চাকরিচ্যুতির ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এমনকি দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির কর্মচারীরা মানববন্ধনও করেন।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া যাবতীয় সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছিল দুদক। সম্প্রতি সংস্থাটি সেই আবেদন আর চালিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রত্যাহারের আবেদন করে।

চেম্বার আদালত দুদকের আবেদন মঞ্জুর করায় হাইকোর্টের রায় কার্যকর হওয়ার পথ আরও পরিষ্কার হয়েছে। ফলে আইনজীবীদের মতে, শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালে এখন আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button