বাংলাদেশ

গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দেশজুড়ে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও বিক্ষোভের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। এতে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ তৈরি পোশাকশিল্পের মালিক নেতারা অংশ নেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে একই দাবিতে রাজধানীর সাভার ও আশুলিয়া এলাকাতেও বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। আশুলিয়ার বিভিন্ন সড়কে শত শত শ্রমিক জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন। এ সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ পোশাকশিল্পাঞ্চলগুলোতে এমন পরিস্থিতির মধ্যে সরকারের সঙ্গে মালিকপক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button