মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে তাকে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন।
আদালতে শাহজালাল রুমীর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
মামলার বিবরণ অনুযায়ী, টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ওই মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনাটি সে সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর শাহজালাল রুমীর পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। মঙ্গলবার আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পাশাপাশি নির্ধারিত চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
আইনজীবী বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।



