রাজনীতি

‘শ্রমিক আন্দোলনে আ.লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না’

বাংলা টিভি ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে সংঘটিত সহিংসতার পেছনে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, লং মার্চ থেকে দেওয়া বক্তব্যের মাধ্যমে জামায়াতের আমির সহিংস পরিস্থিতি তৈরিতে উসকানি দিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবনের জানাজা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে ঘিরে যে সহিংসতার ঘটনা ঘটছে, সেজন্য জামায়াতের আমিরও দায় এড়াতে পারেন না। তার ভাষ্য, লং মার্চ থেকে জামায়াতের আমির সরকারকে উদ্দেশ করে সবকিছু তছনছ করে দেওয়ার কথা বলেছিলেন। এরপর শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ভাঙচুর ও সহিংসতা শুরু হয়।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পোশাকশিল্পকে ধ্বংসের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। রাশেদ খাঁনের দাবি, কয়েকটি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বাস ও পুলিশের একাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটছে।

তিনি আরও বলেন, একজন পুলিশ সদস্যকে লাঠি দিয়ে মারধরের ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে, তা উদ্বেগজনক। তার মতে, সাধারণ শ্রমিকরা এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন না।

শ্রমিকদের দাবির প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আন্দোলনকারী শ্রমিকদের একটি অংশ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন। সরকার এ বিষয়ে মজুরি বোর্ড গঠন করেছে। তাই সরকারের ওপর আস্থা রেখে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, অনেক শ্রমিক ইতোমধ্যে কাজে ফিরেছেন।

তবে বর্তমানে আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত শ্রমিক নন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। তার দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক পরিচয়ে আন্দোলনে অংশ নিয়ে সহিংসতা ছড়াচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ জন্য অতীতের এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, গণ-অভ্যুত্থানের আরেকটি অংশ বর্তমানে বিরোধী অবস্থানে থাকলেও তাদের মধ্য থেকে কেউ কেউ এমন বক্তব্য দিচ্ছেন, যা আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে উসকে দিচ্ছে। এ ক্ষেত্রে জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করেন তিনি।

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button