বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

বাংলা টিভি ডেস্ক: খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনের জন্য দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে ট্রাস্টের আবেদনের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা নির্ধারণ করেন।
আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন করা হবে। এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এসব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়।
সেখানে ২০২৬ সালের বড়দিন উদযাপনের জন্য ট্রাস্টের অনুকূলে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। তবে প্রস্তাবটি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত অর্থের চেয়ে আরও এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দেন।



