বাংলাদেশ

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: ঠাকুরগাঁওয়ে স্ত্রীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর এক বন্ধুকেও সহযোগী আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) গ্রেফতার পারভেজ ইসলামকে ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অপর আসামি হাফিজউদ্দীন বর্তমানে বিদেশে রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ ডিসেম্বর পারভেজ ইসলামের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে প্রায় নয় মাস আগে বাবার বাড়িতে চলে যান স্ত্রী।

এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর স্ত্রীর অজান্তে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে নিজের কাছে সংরক্ষণ করেন পারভেজ। পরে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন তিনি। এতে রাজি না হওয়ায় ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে পারভেজ তাঁর ঘনিষ্ঠ বন্ধু হাফিজউদ্দীনের কাছে ওই ছবি ও ভিডিও পাঠান। পরে দুজনের যোগসাজশে ভুয়া ফেসবুক আইডি খুলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এ ছাড়া হাফিজউদ্দীনকে বিয়ে করার জন্যও বাদীর ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি পারভেজ ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button