বাংলাদেশপ্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু

বাংলা টিভি ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে ক্ষমতাসীন দল বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে।

র‌্যালিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডসহ আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন ও এর আশপাশের সড়ক।

র‌্যালি শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

র‌্যালিকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে আগে থেকেই নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শনিবার র‌্যালি আয়োজন করেছে বিএনপি। এ ছাড়া আগামী ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে পৃথক র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button