আন্তর্জাতিকইন্ডিয়া

‘বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওত পেতে আছে বাংলাদেশিরা’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি নদী পরিদর্শনে গিয়ে বাংলাদেশিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাইনোকুলার দিয়ে নদীর ওপারে তাকিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশের অপেক্ষায় থাকতে দেখেছেন বলে দাবি করেছেন তিনি। তাঁর ভাষ্য, সুযোগ পেলেই দলবদ্ধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে রোববার পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে যান শুভেন্দু। সেখানে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের স্পিডবোটে করে ইছামতি নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন তিনি। পরে ৭৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন।

নদী পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শুভেন্দু বলেন, বাইনোকুলার দিয়ে নদীর ওপারে তাকিয়ে তিনি বাংলাদেশিদের অপেক্ষায় থাকতে দেখেছেন। সুযোগ পেলেই তাঁরা দল বেঁধে ভারতে প্রবেশ করবেন বলে মন্তব্য করেন তিনি।

পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না বলেও কঠোর অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটক এবং বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশিও চালানো হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ অনুসরণ করে দীপাবলির দিনটি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন শুভেন্দু। এ সময় আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ নামে একটি পুরস্কার চালুর ঘোষণাও দেন তিনি। পরে হিঙ্গলগঞ্জ থানায় গিয়ে কালীপূজার উদ্বোধন করেন।

কালীপূজার অনুষ্ঠান শেষে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখানে সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে বিএসএফ ও পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গে আগের সরকারের সময় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব ছিল। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) নেতৃত্বে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে বেড়া নির্মাণের বিষয়েও বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন শুভেন্দু। সীমান্তের নিরাপত্তা আরও জোরদার এবং অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

সংশ্লিষ্ট খবর

Back to top button