Uncategorized

ধারাবাহিকভাবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অর্জন করেছে ইউএস-বাংলা

বাংলা টিভি ডেস্ক: দেশের আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের ভ্রমণবিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকটি স্বীকৃতি দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের হাত থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ বিশিষ্ট অতিথিরা।

এবারের আয়োজনে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিভিন্ন বিভাগে একাধিক পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন বিভাগে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউএস-বাংলা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশন বিভাগের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।

পুরস্কার অর্জনের বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিষ্ঠানের প্রতি এ ধরনের স্বীকৃতি মূলত যাত্রীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। ভবিষ্যতেও আরও উন্নত সেবা নিশ্চিত করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, এর আগেও দি বাংলাদেশ মনিটরের কাছ থেকে একাধিকবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি পেয়েছিল।

সূত্র: ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট খবর

Back to top button