বাংলাদেশ

নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

বাংলা টিভি ডেস্ক: বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা কিংবা সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে পাসপোর্টের প্রয়োজন হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে চালু হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট ব্যবস্থা। এখন আর আবেদন করতে সরাসরি পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে আবেদন সম্পন্ন করা সম্ভব। তবে আবেদন জমা থেকে শুরু করে বায়োমেট্রিক তথ্য প্রদান ও পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়।

অনলাইনে যেভাবে আবেদন করবেন

ই-পাসপোর্ট পেতে প্রথমেই ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমে আবেদনকারীর ব্যক্তিগত পরিচিতি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ দিতে হবে।

আবেদন করার সময় নিজের সুবিধা অনুযায়ী পাসপোর্ট অফিসে সাক্ষাতের তারিখ নির্বাচন করা যায়। তবে সংশ্লিষ্ট অফিসে আসন খালি থাকার ওপর নির্ভর করে তারিখ নিশ্চিত হবে।

নিয়ম অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী আবেদনকারীদের এনআইডির তথ্য দিতে হয়। অন্যদিকে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ প্রয়োজন। অনলাইন আবেদন সম্পন্ন হলে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।

পাসপোর্টের ফি জমা দেওয়ার নিয়ম

অনলাইনে আবেদন শেষ করার পর নির্ধারিত ব্যাংকের মাধ্যমে পাসপোর্টের ফি পরিশোধ করতে হবে। এ সময় আবেদনপত্রের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখা ভালো।

ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংকের নির্ধারিত শাখায় পাসপোর্ট ফি জমা দেওয়া যায়। টাকা জমা দেওয়ার পর ব্যাংক থেকে পাওয়া রসিদ নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

ই-পাসপোর্টের ফি কত?

পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা, মেয়াদ এবং সরবরাহের সময় অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে।

৪৮ পৃষ্ঠার পাসপোর্টের ফি:

মেয়াদসাধারণএক্সপ্রেসসুপার এক্সপ্রেস
৫ বছর৪,০২৫ টাকা৬,৩২৫ টাকা৮,৬২৫ টাকা
১০ বছর৫,৭৫০ টাকা৮,০৫০ টাকা১০,৩৫০ টাকা

৬৪ পৃষ্ঠার পাসপোর্টের ফি:

মেয়াদসাধারণএক্সপ্রেসসুপার এক্সপ্রেস
৫ বছর৬,৩২৫ টাকা৮,৬২৫ টাকা১২,০৭৫ টাকা
১০ বছর৮,০৫০ টাকা১০,৩৫০ টাকা১৩,৮০০ টাকা

ছবি ও বায়োমেট্রিক তথ্য প্রদানের ধাপ

আবেদনের সময় নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে। সঙ্গে নিতে হবে আবেদনপত্রের প্রিন্ট কপি, এনআইডি অথবা জন্মনিবন্ধন সনদ এবং প্রয়োজনীয় পেশাগত পরিচয়পত্র।

পাসপোর্ট অফিসের কর্মকর্তারা প্রথমে আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করবেন। এরপর ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ, চোখের আইরিশ স্ক্যান এবং ডিজিটাল স্বাক্ষর নেওয়া হবে।

ছবি তোলার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। এ ক্ষেত্রে রঙিন পোশাক পরা ভালো। মুখের স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন করে এমন মেকআপ বা প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার সময় আবেদনপত্রের সব তথ্য ভালোভাবে মিলিয়ে নিতে হবে। কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়ে সংশোধনের ব্যবস্থা করতে হবে।

সব আনুষ্ঠানিকতা শেষ হলে আবেদনকারীকে একটি ডেলিভারি রসিদ দেওয়া হবে। রসিদে উল্লেখিত তারিখ অনুযায়ী পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে কি?

নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে সাধারণত পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়। তবে নিয়মিত রি-ইস্যুর ক্ষেত্রে সাধারণত এ প্রক্রিয়া প্রয়োজন হয় না।

কিন্তু পাসপোর্ট পুনরায় ইস্যুর সময় বাবার নাম, স্থায়ী ঠিকানা কিংবা বৈবাহিক অবস্থার মতো গুরুত্বপূর্ণ তথ্যে পরিবর্তন আনলে অতিরিক্ত যাচাই বা পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে।

নিজ এলাকার পাসপোর্ট অফিসে আবেদন করার পরামর্শ

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আবেদনকারীদের নিজ নিজ এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়ে থাকে। এতে ঢাকার আগারগাঁওসহ বড় পাসপোর্ট অফিসগুলোতে অতিরিক্ত ভিড় ও চাপ কমানো সম্ভব হবে।

পাশাপাশি আবেদনকারীরাও তুলনামূলকভাবে সহজে সেবা পাবেন এবং পাসপোর্ট কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যাবে।

বিশেষ দ্রষ্টব্য: পাসপোর্টের ফি, পুলিশ ভেরিফিকেশন ও আবেদনসংক্রান্ত নিয়ম পরিবর্তিত হতে পারে। আবেদন করার আগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ নির্দেশনা যাচাই করে নেওয়া উচিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button