রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একতলা একটি ভবনের দোকানঘরে বিএনপির ওই কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাঁর দাবি, তারাই বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। কলমা ইউনিয়নে তাঁদের কয়েকটি দলীয় কার্যালয় রয়েছে। এর মধ্যে আজিজপুরের কার্যালয়টি সবচেয়ে বড় হওয়ায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



