বিনোদন

লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি অবশেষে প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে (লাইভ) এসে এ ঘোষণা দেন তিনি।

লাইভে আসাদ নূর জানান, তিনি পারশা মাহজাবীনকে বিয়ে করেছেন। তাঁর দাবি, বিষয়টি পরিকল্পিত ছিল। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যেই তাঁরা এ কৌশল নিয়েছিলেন।

আসাদ নূর বলেন, ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবি, শাড়ির আঁচল ও ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত রাখা হয়েছিল, যাতে মানুষ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। পাশাপাশি ছবি আড়াল করা ও কিছুটা নীরব অবস্থানে থাকার মাধ্যমে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া যাচাই করা হয়েছিল।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতিরিক্ত আগ্রহী এবং ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত দৃষ্টিভঙ্গিতে নাড়া দিতেই এই আয়োজন করা হয়েছিল।

বিয়ের আইনগত প্রক্রিয়া সম্পর্কে আসাদ নূর দাবি করেন, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ আইনে ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াও বিয়ের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পারশার পরিবার সম্পর্কে প্রশংসা করে আসাদ নূর বলেন, পারশা তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান এবং অত্যন্ত আদরের। তাঁর বাবা একজন শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তাঁর ক্যারিয়ার, যোগ্যতা ও ব্যক্তিত্বের প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসাদ নূর দাবি করেন, তিনি ও পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তাঁরা অর্থ বা অনুদান নেননি বলেও জানান তিনি।

লাইভে পারশার জুলাই আন্দোলনে ভূমিকার কথাও তুলে ধরেন আসাদ নূর। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় পারশা ছিলেন একজন পরিচিত মুখ। বিশেষ করে ‘চলো ভুলে যাই’ গানটিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫ আগস্টের পরও পারশা জুলাই আন্দোলনের পক্ষের মানুষদের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

ধর্মীয় আলোচনা প্রসঙ্গে আসাদ নূর বলেন, গত দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাও তাঁর উদ্দেশ্য নয়। তাঁর মতে, সমাজে ভালো মানুষদের মধ্যে ধার্মিক ও নাস্তিক—উভয় শ্রেণির মানুষই রয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পারশাকে নিয়ে আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচার চালানোর সমালোচনা করেন আসাদ নূর। নারীদের ব্যক্তিগত সম্মান ও মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি।

সূত্র: আসাদ নূরের ইউটিউব লাইভ

সংশ্লিষ্ট খবর

Back to top button