আন্তর্জাতিক

মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু, একজনের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। একদিনের ব্যবধানে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের একজনের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে, অন্যজনের মৃত্যু হয়েছে অসুস্থতাজনিত কারণে। দুই প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও প্রবাসীদের মধ্যে।

নিহতরা হলেন ৫০ বছর বয়সী মো. দুলাল হোসেন ও ৫২ বছর বয়সী মো. কামরুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী মালের একটি হাসপাতালে মারা যান দুলাল হোসেন। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল জব্বার। মঙ্গলবার (১০ নভেম্বর) হাইকমিশনের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় তাঁর মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে।

অন্যদিকে, কামরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল শহিদ। অসুস্থ হয়ে গত ৬ নভেম্বর সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইকমিশন।

দুলাল হোসেনের ভাগনে মো. হাফেজুল ইসলাম জানান, প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান তাঁর মামা। সেখানে বৈধ কাগজপত্র ছাড়াই রাজধানী মালের বিভিন্ন দোকানে কাজ করতেন তিনি। গত ৫ নভেম্বর রাত ১টার দিকে খাবার খেয়ে ওয়াশরুম থেকে ফেরার পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, কামরুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম জানান, কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতার কথা জানাচ্ছিলেন তাঁর স্বামী। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালে স্বামীর সঙ্গে কথা হলেও সেদিন বিকেলেই তাঁর মৃত্যুর খবর পান তিনি।

স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন হোসনে আরা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ঋণ ও উচ্চ সুদে টাকা ধার করে অনেক স্বপ্ন নিয়ে স্বামীকে মালদ্বীপে পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার মাত্র এক মাসের মাথায় তাঁকে হারাতে হয়েছে। এখন দুই সন্তানকে নিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দিশেহারা তিনি। স্বামীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি, যাতে সন্তানদের নিয়ে শেষবারের মতো স্বামীর মুখ দেখতে পারেন।

দুই প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button