‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’

বাংলা টিভি ডেস্ক: একই পরিবারের স্বামী-স্ত্রী দুজনের চাকরি করার বিষয়টি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার মতে, বাবা-মা দুজনই চাকরি করলে সন্তানদের ওপর এর প্রভাব পড়তে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। কারণ, এর প্রভাব সরাসরি সন্তানদের বেড়ে ওঠার ওপর পড়তে পারে।
তবে নারীদের কর্মজীবনে অংশগ্রহণের বিরোধিতা করছেন না বলে বক্তব্যে স্পষ্ট করেন তিনি। মীর শাহে আলম বলেন, মেয়েরা শুধু সন্তান লালন-পালনের জন্য জন্মগ্রহণ করেননি। সন্তানকে অন্য কেউও বড় করতে পারেন। কিন্তু বাবা-মায়ের নিবিড় সান্নিধ্যে বেড়ে উঠলে শিশুদের মধ্যে আলাদা মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয়।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, একই পরিবারে স্বামী-স্ত্রী দুজন চাকরি করলে তার কোনো আপত্তি নেই। তবে পরিবারের স্বার্থে একজন চাকরি করলে ভালো হয় বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। তার বক্তব্য যেন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত না হয়, সে বিষয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি। এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।



