বাংলাদেশ

সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি ক্র্যাবের

চ্যানেল ২৪-এর সিনিয়র সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়েরকে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা হিসেবে দেখছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।

গত ৯ অক্টোবন চ্যানেল ২৪-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ : বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। একই দিন রাত ৯টায় চ্যানেলটির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনগুলোতে লালমনিরহাটের তৎকালীন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১৮টি হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে ধরা হয়।

এসব প্রতিবেদন প্রচারের পর বিচারক আরিফুল ইসলাম সাংবাদিক ফয়সাল আলমসহ চ্যানেল ২৪-এর কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

বিবৃতিতে ক্র্যাব নেতারা বলেন, আইনের আশ্রয় নেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তবে নিজেদের অন্যায় বা অপরাধ আড়াল করতে গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা ভয়ভীতি প্রদর্শনের শামিল। গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা মনে করেন।

বিবৃতিতে ফয়সাল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

উল্লেখ্য, তদন্তে অভিযুক্ত হওয়ার পর বিচারক মো. আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরো একটি তদন্ত চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button