
স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের মিনিস্ট্রি টার্ফ-২ মাঠে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট এবং ১.১৮৬ নেট রান রেট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে দলটি।
টুর্নামেন্টে দারুণ সূচনা করে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারানোর পর রোববার হাইভোল্টেজ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে পরাজিত করে তারা।
অন্যদিকে, তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফলে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে যুব টাইগারদের।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে একই দিন আল আমেরাতের টার্ফ-১ মাঠে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে শেষ দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ভারত।
টুর্নামেন্টে ভারত নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারিয়ে শুরু করলেও পরের ম্যাচে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরে যায়। অন্যদিকে, সোমবার শ্রীলঙ্কাকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। তিন ম্যাচে ৬ পয়েন্ট ও ৩.১৭৬ নেট রান রেট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষ দল হিসেবে পর্ব শেষ করেছে তারা।
দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১৪ নভেম্বর একই ভেন্যুর টার্ফ-২ মাঠে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে।



