নুসরাতের বাড়িতে আগুন, জনগণকে আইন হাতে তুলে নিতে হবে, প্রশ্ন আসিফের

বাংলা টিভি ডেস্ক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নেবেন, তা জানতে চেয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, নুসরাতের বাড়ির বর্তমান অবস্থা দেখে বোঝা যায়, তাঁর পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি সাধারণ মানুষকে নিজেরাই আইন হাতে তুলে নিতে হবে—এমন প্রশ্নও রাখেন তিনি।
নিজের পোস্টের সঙ্গে নুসরাতের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ও পশুর ছবি সংযুক্ত করেন আসিফ মাহমুদ।
এর আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে বাড়িতে আগুন ধরে যায় এবং তাঁর মা-বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন বলে জানান নুসরাত।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে হামলার বিষয়টি প্রকাশ করেন তিনি। পোস্টে নুসরাত লেখেন, তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না।
একই সঙ্গে হামলার মাধ্যমে তাঁর কণ্ঠরোধ করা যাবে না উল্লেখ করে নিজের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই সংসদ সদস্য।



