বাংলাদেশ

পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর-অবরোধের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় হামলা, যানবাহন ভাঙচুর, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জসিম মৃধা (৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাওডোবা বাজার এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার জসিম মৃধা বিকেনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। পাশাপাশি তিনি ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতির কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ রাখতে হয়। এতে সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে গত ১২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার এজাহারে জসিম মৃধার নাম ১২৭ নম্বরে রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, টোলপ্লাজায় সংঘটিত ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে জসিম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য, একই মামলায় এর আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button