কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা

বাংলা টিভি ডেস্ক: ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া এবং ভাঙচুরের মতো বিচ্ছিন্ন ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে বিবেচনা করছে সরকার। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে সরকার। সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি রাজনৈতিকভাবেও মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির পাশাপাশি মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোও বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে।
সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সারা দেশে নজরদারি বাড়ানো, সন্দেহভাজনদের শনাক্ত করা এবং জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ পরিস্থিতিতে বিএনপির সংসদ সদস্যরাও নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সতর্ক ভূমিকা পালন করবেন। গত ৯ নভেম্বর শুরু হওয়া জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন শেষে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সংসদ অধিবেশন শুরুর প্রাক্কালে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় এমপিদের উদ্দেশে তারেক রহমান বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকতে হবে। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি নেতাকর্মীদের ভবিষ্যতেও মাঠে থাকার এবং যেকোনো ধরনের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসও দলটির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে এবং জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার চেষ্টা করবে।
এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতার প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নিয়মিত মিছিল ও সমাবেশ করছেন।
শনিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিরতা মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।
রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকাতেও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। স্থানীয় পর্যায়ে নাশকতায় জড়িত কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তের ক্ষেত্রেও তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন বলে জানা গেছে।
বিএনপির পাশাপাশি দলটির রাজনৈতিক মিত্ররাও কর্মসূচি ঘোষণা করেছে। আজ রোববার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার কথা রয়েছে ১২ দলীয় জোটের। অন্যদিকে আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটটির সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
অন্যদিকে, সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নাশকতা ও অস্থিরতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা আইন অনুযায়ী মোকাবিলা করা হবে। তিনি জানান, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না। তবে পরিস্থিতির প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মানবাধিকার রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
বৈঠকে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, নিয়মিত টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলা এবং শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অভিযানের নামে নিরীহ কাউকে হয়রানি করা বা গণগ্রেপ্তারের অভিযোগ ওঠে—এমন পরিস্থিতি এড়াতেও পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।



