শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরীর সিএমপি অফিসার্স মেস থেকে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিলেন। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। এ ছাড়া পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ গোপন তথ্য দলটির নেতাদের কাছে সরবরাহ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা সিএমপি অফিসার্স মেসে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ ঢাকা পোস্টকে জানান, মামলা দায়েরের পরপরই পুলিশের একটি দল এবং এসআরইউ সদস্যরা অভিযান চালিয়ে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শনিবার রাতে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে গত ১০ নভেম্বর (মঙ্গলবার) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
পরদিন ১১ নভেম্বর তাকে আটকের খবর ছড়িয়ে পড়লেও তখন বিষয়টি অস্বীকার করেছিলেন ডিআইজি। তিনি জানিয়েছিলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।



