বাংলাদেশ

গোপালগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাস কাশিয়ানী উপজেলার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে সিঁধ কেটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বাবুল। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

একপর্যায়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে বাবুলকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় গ্রাম পুলিশ গৌতম জানান, চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে ওই ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পারেন তিনি। তবে কারা তাকে মারধর করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button