বাংলাদেশ

খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় যৌথ টহল শুরু

বাংলা টিভি ডেস্ক: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর টহল ও মহড়া পরিচালনা করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে খুলনা নগরীর রূপসা ঘাট, রূপসা নতুন বাজার, দাদা ম্যাচ ফ্যাক্টরি, রূপসা ট্রাফিক মোড়ের আশপাশ, খালিশপুর ও দৌলতপুর থানা এলাকায় যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে খুলনা জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

এদিকে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নগর ভবনের সামনের সিঁড়িতে হামলার স্থান পরিদর্শন করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, রোববার গভীর রাতে নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। সিটি করপোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান, এটি কারও রাজনৈতিক প্রতিপক্ষ নয়। ডেঙ্গু ও হাম প্রতিরোধসহ জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এমন একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তারা হতাশ।

তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা নিন্দনীয় কাজ করেছে। দেশব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে যারা সংঘাত ও সহিংসতা সৃষ্টি করছে, তাদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন। এ ছাড়া সন্ত্রাসবিরোধী অবস্থানের কারণে অন্য কোনো পক্ষও এ সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কেসিসি প্রশাসক আরও বলেন, নগর ভবনের মতো প্রতিষ্ঠানে হামলার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং নগরীর নিরাপত্তা জোরদারে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পরাজিত ফ্যাসিবাদীরা বিচ্ছিন্নভাবে নাশকতার ঘটনা ঘটিয়েছে। গত সপ্তাহে খুলনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুরো খুলনা শহর সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষ্য, মানুষকে জিম্মি করে কোনো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। খুলনাবাসীর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় জনগণ সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। হামলার পর নগরীর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছে। সোমবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এলাকায় তাদের টহল পরিচালিত হয়েছে।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল জানান, ঘটনাটিকে সারাদেশের অস্থিতিশীল পরিস্থিতির অংশ হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা না থাকায় হামলাকারীদের শনাক্তে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পাওয়া গেছে। সেটির সূত্র ধরে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, নগর ভবনে হামলার ঘটনায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করবে। মামলা পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা খুলনা নগর ভবনের সামনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button