বাংলাদেশ

নাতি জামাইকে নামাজ পড়তে বলায় গালমন্দ, অভিযোগ নিয়ে থানায় নানা

বাংলা টিভি ডেস্ক: বরগুনায় নামাজ আদায়ের পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নানার সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ উঠেছে নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে। একপর্যায়ে বৃদ্ধের চলাফেরার একমাত্র অবলম্বন হাঁটার লাঠিটি ভেঙে ফেলার অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় নাতি জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী।

অভিযোগে উল্লেখ করা হয়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা। একই এলাকায় প্রতিবেশী হিসেবে বসবাস করেন তার নাতি জামাই রব্বানী গাজী।

গত বৃহস্পতিবার দুপুরে রব্বানী গাজীকে নামাজ পড়ার কথা বলেন সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার হাঁটার কাজে ব্যবহৃত লাঠিটি ভেঙে ফেলেন বলে অভিযোগ করেছেন বৃদ্ধ। পাশাপাশি বিভিন্ন সময়ে রাস্তাঘাটে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও তুলেছেন তিনি।

সোহরাব হোসেনের দাবি, হাঁটার লাঠিটি ভেঙে দেওয়ার পর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে তাকে বেশ বেগ পেতে হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তের আচরণের কারণে চলাচলের পথে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন তিনি। এসব কারণে আইনি সহায়তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধ এই মাওলানা।

বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী জানান, নামাজ পড়তে বলাকে কেন্দ্র করে নাতি জামাইয়ের বিরুদ্ধে এক বৃদ্ধের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুই পক্ষের মধ্যে আলোচনা বা কাউন্সেলিংয়ের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকলে সে উদ্যোগও নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button