বাংলাদেশ

সন্তান না হওয়ায় ভাঙল ইতির সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

বাংলা টিভি ডেস্ক: সন্তান না হওয়ার কারণে সাত বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে বরিশালের হিজলার ইতি আক্তারের। সংসার টিকিয়ে রাখতে স্বামীর কাছে বারবার অনুরোধ করেও শেষ পর্যন্ত বিচ্ছেদ ঠেকাতে পারেননি তিনি। তবে জীবনের এই কঠিন অধ্যায়ের পর ভেঙে পড়তে চান না ইতি। নতুন করে বিয়ের কথা না ভেবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে পেয়েছেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব।

ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে। সাত বছর আগে ভালোবাসা ও ভবিষ্যতের নানা স্বপ্ন নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছিলেন তিনি। কিন্তু সন্তান না হওয়াকে কেন্দ্র করে একসময় স্বামীর সংসারে অশান্তি বাড়তে থাকে।

ইতির অভিযোগ, সন্তান না হওয়ার কারণে শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন, অপমান ও নানা কটূক্তির শিকার হয়েছেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় দুই থেকে আড়াই মাস তাকে একা থাকতে হয়েছে।

সংসারটি বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে স্বামীর কাছে আরও ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কান্নাকাটি করে সংসার না ভাঙার অনুরোধও করেছিলেন। কিন্তু কোনো কিছুতেই স্বামী রনি খানের মন পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তার।

রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানান ইতি আক্তার।

মেয়ের সংসার টিকিয়ে রাখতে কম চেষ্টা করেননি বাবা রিকিব আলী সরদার। মেয়ের সুখের কথা চিন্তা করে জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া এমনকি গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন তিনি। সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে মেয়ের ছোটখাটো আবদারও পূরণ করেছেন। মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টের কথা কখনো ভাবেননি এই বাবা।

তবে এত চেষ্টা করেও মেয়ের সংসার রক্ষা করতে না পারার কষ্ট এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। বর্তমানে তার একটাই চাওয়া, মেয়ে যেন নিজের যোগ্যতায় সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।

ইতি জানান, বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন মাধ্যমে তার কাছে বিয়ের প্রস্তাব আসছে। ভাইয়ের মাধ্যমে এবং পরিচিতজনদের যোগাযোগে এখন পর্যন্ত তিন শতাধিক প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই নতুন নতুন প্রস্তাব নিয়ে ফোন আসছে। কিন্তু এই মুহূর্তে বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

তার ভাষ্য, অতীতের মানসিক কষ্ট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় প্রয়োজন। ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যিনি ভালো মনের অধিকারী হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নেবেন। এ নিয়ে যেন তাকে কোনো ধরনের চাপ কিংবা অপমানজনক কথার মুখোমুখি হতে না হয়।

এখন ইতির প্রধান লক্ষ্য একটি চাকরি কিংবা উপার্জনের ব্যবস্থা করা। নিজের দায়িত্ব নিজেই নিতে চান তিনি। নতুন করে জীবন সাজাতে সরকার ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতাও চেয়েছেন এই নারী।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে বাবা রিকিব আলী সরদার বলেন, মেয়ের সংসার সুখের করতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া এবং গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়ার পরও সন্তান না হওয়ার কারণে মেয়েকে সংসার ছাড়তে হয়েছে। এখন সরকারের কাছে তার আবেদন, মেয়ের জন্য একটি চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে।

ইতির এই পরিস্থিতিতে কষ্ট পেয়েছেন তার সহপাঠীরাও। সহপাঠী সোহাগ বলেন, ইতি তাদের ছোটবেলার সহপাঠী। তার জীবনে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সন্তান না হওয়ার দায় কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহায়তা করা সবার দায়িত্ব।

একসময় যে সংসার ঘিরে ছিল স্বপ্ন আর ভালোবাসা, আজ তা শুধুই অতীত। সংসার বাঁচাতে একদিন স্বামীর পা ধরে কেঁদেছিলেন ইতি। অথচ বিচ্ছেদের পর তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েও নতুন সংসারের চেয়ে আত্মনির্ভরশীল হয়ে বাঁচাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। নিজের যোগ্যতায় সম্মানজনক জীবন গড়তে একটি কর্মসংস্থানের সুযোগই এখন তার সবচেয়ে বড় প্রত্যাশা।

সংশ্লিষ্ট খবর

Back to top button