কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

বাংলা টিভি ডেস্ক: বরগুনার বামনায় দ্রুতগতির টমটমের ধাক্কায় আসমা বেগম (৩২) নামে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার সময় তার কোলে থাকা শিশুসন্তানটি অক্ষত অবস্থায় বেঁচে গেছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম ডৌয়াতলা গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি উপজেলার উত্তর গুদিঘাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মন্নান মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ক্লাস শেষে কোলে শিশুসন্তান নিয়ে কলেজের পাশের সড়কে দাঁড়িয়ে ছিলেন আসমা। এ সময় ইট-বালু পরিবহনে ব্যবহৃত স্থানীয়ভাবে ‘ডায়া’ নামে পরিচিত একটি টমটম দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় সড়কে ছিটকে পড়লে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে কোলে থাকা শিশুটির কোনো ক্ষতি হয়নি।
এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন। তারা ঘাতক গাড়ির চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্ঘটনাপ্রবণ সড়কটিতে স্পিডব্রেকার নির্মাণের দাবি জানান।
অবরোধকারীদের অভিযোগ, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘদিন ধরে ইট-বালুবাহী যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করছে। জনবহুল এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শিক্ষিকার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা চালককে আটক করে রেখেছিলেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



