‘পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়’

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে আড়ালে কী ধরনের কর্মকাণ্ড চলছে, তা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে যথাযথ জবাব না পাওয়া গেলে জনগণের আদালতে বিষয়টি তুলে ধরতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন সময় পার করছে। একই সঙ্গে সাংগঠনিকভাবেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব প্রতিকূলতা মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ধর্মীয় মূল্যবোধ ও সাংগঠনিক শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুনিয়ার অর্জন নয়, আখিরাতই মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এই বিশ্বাসকে সামনে রেখে দৈনন্দিন জীবন পরিচালনার পাশাপাশি সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডেও এর প্রতিফলন ঘটাতে হবে। দায়িত্ব পালনে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।
সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও বাড়াতে হবে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যও জাতিকে হতাশ করছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা সন্ত্রাসের জায়গা না হয়।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের আত্মত্যাগ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে জামায়াত একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে। জনগণের কণ্ঠস্বর হয়ে তাদের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলবে। কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।
তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকরের দাবিতে জামায়াতের অবস্থান আগের মতোই দৃঢ় থাকবে। এ বিষয়ে দলটি কোনো অবস্থাতেই পিছু হটবে না, ইনশাআল্লাহ।



